দুর্গাপুর: বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও রাজ্যের অন্যান্য এলাকার মতো শিল্পনগরী দুর্গাপুরেও ধীরে ধীরে শুরু হয়ে গেছে নির্বাচনী প্রস্তুতি। রাজনৈতিক দলগুলির পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠনও নিজেদের অবস্থান স্পষ্ট করতে মাঠে নেমেছে।
রবিবার দুর্গাপুরের পরেশনাথ কারখানার গেটের সামনে সেই প্রস্তুতিরই একটি ছবি ধরা পড়ে। মুখ্যমন্ত্রীকে ‘উপহার’ দিতে আসন্ন নির্বাচনে বড় ফল করার লক্ষ্যে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করা হয়।
এদিন পরেশনাথ কারখানার সামনে আইএনটিটিইউসি-র উদ্যোগে দেওয়াল লিখন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আসগার। শ্রমিক সংগঠনের কর্মী ও সমর্থকেরা দেওয়ালে দলের সমর্থনে বিভিন্ন রাজনৈতিক বার্তা লিখে প্রচার চালান।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের দাবি ও উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতেই এই দেওয়াল লিখন কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী দিনেও দুর্গাপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে এই ধরনের প্রচার কর্মসূচি চালানো হবে বলে জানানো হয়েছে।





