ভোটের প্রাক্কালে খাস কলকাতায় চাঞ্চল্য। কলকাতা শহরের সরশুনা থানার অন্তর্গত ১২৭ নম্বর ওয়ার্ডে রাস্তার মধ্যে একটি তাজা বোমা দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রের দাবি, মানিক ও গিরি নামে দুই ব্যক্তি এলাকায় সমাজবিরোধী কার্যকলাপে যুক্ত। অভিযোগ, তারাই অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে বোমাটি ফেলে যায়। স্থানীয়দের আরও দাবি, অভিযুক্তরা অতীতেও এলাকায় বোমাবাজির সঙ্গে জড়িত ছিল। যদিও এই অভিযোগের বিষয়ে পুলিশ বা অভিযুক্তদের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
এলাকার বাসিন্দাদের বক্তব্য, ঘনবসতিপূর্ণ এলাকায় বোমাটি বিস্ফোরিত হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। খবর পেয়ে বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে।
ঘটনার তদন্ত শুরু করেছে সরশুনা থানার পুলিশ। ভোটের আগে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে। প্রশাসনের তরফে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।





