নির্ভীক বাংলা,সালানপুর, পশ্চিম বর্ধমান:
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বহু বছর ধরে ভোট দিয়ে আসা সত্ত্বেও হঠাৎ করে নাম তালিকা থেকে উধাও হয়ে যাওয়ায় চরম উদ্বেগে পড়েছেন হাজার হাজার মানুষ।
অভিযোগ, যথাযথভাবে SIR (Special Intensive Revision)-এর আবেদন এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও বহু বাসিন্দার নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। ভুক্তভোগীদের দাবি, তাঁরা জন্মসূত্রে ভারতীয় এবং দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। ফলে হঠাৎ এই নাম বাদ পড়ার ঘটনায় তাঁদের মধ্যে নাগরিকত্ব নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।
বুধবার জেলা শাসক দপ্তরে গিয়ে ট্রাইবুনালে আর্জি জানান কয়েকশো ভুক্তভোগী। তাঁদের মধ্যে এক বৃদ্ধাকেও নথিপত্র হাতে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অভিযোগ ওঠে, সঠিক তথ্য জমা দেওয়ার পরেও ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়া হয়েছে।
স্থানীয়দের একাংশের দাবি, নির্বাচন কমিশনের পর্যাপ্ত নজরদারির অভাব এবং প্রশাসনিক গাফিলতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এই পরিস্থিতিতে ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। দলীয় উদ্যোগে এবং বারাবনি বিধানসভার বিদায়ী বিধায়ক বিধান উপাধ্যায়-এর সহযোগিতায় আবেদনপত্র পূরণে সাহায্য করা হয় এবং জেলা শাসক দপ্তরে যাওয়ার জন্য বাসের ব্যবস্থাও করা হয়।
সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “সাধারণ মানুষের নাম জেনেবুঝে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এইভাবে ষড়যন্ত্র করে নির্বাচনে জেতা যায় না। যাদের নাম বাদ পড়েছে, তৃণমূল কংগ্রেস তাঁদের পাশে রয়েছে।”
তৃণমূল নেতৃত্বের দাবি, যতক্ষণ না পর্যন্ত প্রত্যেক যোগ্য নাগরিকের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে, ততক্ষণ তাঁদের এই আন্দোলন চলবে।




