নির্ভীক বাংলা,বাবু হক, হাওড়া
হাওড়া গ্রামীণ জেলার বাগনান-১ ব্লকের বাঙ্গালপুর এলাকায় ভেষজ আবীর তৈরিতে উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছে ‘মহিলা বিকাশ’-এর সদস্যারা। জীবনযাপন ও জীবিকার তাগিদে প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তাঁরা উন্নত মানের ভেষজ আবীর তৈরি করছেন বলে জানিয়েছেন সমাজকর্মী বিপ্লব ঘোষ।
এলাকায় গিয়ে দেখা যায়, ফুলের পাপড়ি গুঁড়ো করে তার সঙ্গে ফুড কালার, সুগন্ধি ও সেন্ট মিশিয়ে বিভিন্ন রঙের আবীর তৈরি করা হচ্ছে। লাল, হলুদ, সবুজ, গোলাপি, তুঁতে সহ একাধিক রঙের আবীর প্রস্তুত হচ্ছে। ৫০ গ্রাম ও ১০০ গ্রামের প্যাকেটের দাম যথাক্রমে ১৫ ও ৩০ টাকা বলে জানা গেছে।
উদ্যোক্তাদের দাবি, বাগনান-১ ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের ৮২টি গ্রামের প্রায় ৫০ হাজার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সঞ্চয় ও স্বরোজগারের পথে এগিয়ে চলেছেন। ‘আপনা বাজার চিত্রা’র মাধ্যমে, বিভিন্ন মেলা এবং সদস্যদের নেটওয়ার্কের সাহায্যে এই ভেষজ আবীর বিক্রি করা হচ্ছে।
আগামী দোল ও হোলি উৎসবকে সামনে রেখে চাহিদা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বসন্ত উৎসবের মরসুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনেও এই আবীর সরবরাহ করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের সামাজিক-সাংস্কৃতিক পরিমণ্ডলে দোল ও হোলি গুরুত্বপূর্ণ উৎসব। ভেষজ উপাদানে তৈরি রং পরিবেশবান্ধব হওয়ায় ক্রেতাদের আগ্রহ বাড়ছে। উদ্যোক্তাদের আশা, এই উদ্যোগ আরও প্রসারিত হবে এবং গ্রামীণ মহিলাদের আর্থিক স্বনির্ভরতা আরও মজবুত করবে।




