ভিডিও

বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে আসানসোল ও দুর্গাপুরে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নির্ভীক বাংলা, আসানসোল/দুর্গাপুর, ৭ জুন: বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলাজুড়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা হিসেবে সাইকেলের ব্যবহার বাড়ানো এবং সুস্থ জীবনযাপনের বার্তা পৌঁছে দিতে রবিবার আসানসোল ও দুর্গাপুরে বর্ণাঢ্য সাইকেল র‍্যালির আয়োজন করা হয়।
আসানসোলে পোলো গ্রাউন্ড থেকে শুরু হওয়া সাইকেল র‍্যালিতে প্রায় ৫০০ জন সাইকেল আরোহী অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষা, দূষণমুক্ত সমাজ গঠন এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা তুলে ধরেন।
অন্যদিকে দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। রবিবার সকাল ৭টায় মহকুমা শাসকের দপ্তর প্রাঙ্গণ থেকে র‍্যালির সূচনা হয়। প্রায় ৬০ জন সাইকেল আরোহী এই র‍্যালিতে অংশ নেন। নারী ও পুরুষ উভয়ের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রণব ঘোষ। তিনি শুধু উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতই ছিলেন না, অংশগ্রহণকারীদের সঙ্গে সাইকেল চালিয়ে সচেতনতামূলক এই উদ্যোগে সামিল হন। তিনি পরিবেশবান্ধব যানবাহন হিসেবে সাইকেলের ব্যবহার বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং দৈনন্দিন জীবনে সাইকেল ব্যবহারের আহ্বান জানান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ব সাইকেল দিবসের মূল উদ্দেশ্য হল পরিবেশ রক্ষা, জ্বালানি সাশ্রয় এবং মানুষের শারীরিক সুস্থতা বজায় রাখতে সাইকেলের ব্যবহারকে উৎসাহিত করা। সেই লক্ষ্যেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।
র‍্যালিগুলিকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় এবং পরিবেশ সচেতনতার বার্তা সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর