ভিডিও

বিশ্ব সাইকেল দিবসে পরিবেশ ও ফিটনেসের বার্তা, সালানপুরে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নির্ভীক বাংলা,সালানপুর, ৮ জুন: পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য সচেতনতা এবং ফিটনেসের গুরুত্ব তুলে ধরতে বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে সালানপুর ব্লকে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এবং ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’-এর ভাবনাকে সামনে রেখে রবিবার আয়োজিত হয় বিশেষ কর্মসূচি ‘সানডে অন সাইকেল’।
রবিবার সকাল ৭টায় আছড়া যোগেশ্বর ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে র‍্যালির সূচনা হয়। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হওয়া এই সাইকেল র‍্যালি আছড়া পঞ্চায়েত কার্যালয় পর্যন্ত পরিক্রমা করে। কর্মসূচির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থাকে উৎসাহিত করা এবং নিয়মিত শরীরচর্চার গুরুত্ব তুলে ধরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’-এর মূল ভাবনা ‘ফিটনেসের স্বাধীনতা’-কে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ব্যস্ত জীবনযাপনের মধ্যেও কীভাবে শারীরিক সুস্থতাকে দৈনন্দিন জীবনের অংশ করা যায়, সেই বার্তাই পৌঁছে দেওয়া হয় অংশগ্রহণকারীদের মধ্যে।
ভোরের নির্মল পরিবেশে অনুষ্ঠিত এই র‍্যালিতে ব্যাপক সাড়া মেলে। অংশগ্রহণ করেন আছড়া যোগেশ্বর ইনস্টিটিউট এবং আছড়া রায় বলরাম হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। এছাড়াও বিভিন্ন ক্রীড়াপ্রেমী, সমাজসেবী এবং স্থানীয় বাসিন্দারাও র‍্যালিতে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয় কুমার পাল, সব্যসাচী মহাতো এবং রুমালি দাস-সহ বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা সকলে সাইকেল চালিয়ে সচেতনতামূলক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সালানপুর ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি পরিবেশ রক্ষা ও সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মত অংশগ্রহণকারীদের। র‍্যালিকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর