ভিডিও

বিভিন্ন দাবি নিয়ে জেলা শাসক দপ্তরে কংগ্রেসের বিক্ষোভ

নির্ভীক বাংলা,আসানসোল: বিভিন্ন জনস্বার্থমূলক দাবি সামনে রেখে সকালে জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল কুলটি ব্লক জাতীয় কংগ্রেস। বিক্ষোভে অংশ নেন দলের নেতা-কর্মীরা এবং পরে প্রশাসনের উদ্দেশে একাধিক দাবি উত্থাপন করা হয়।
কুলটি ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস অভিযোগ করে বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একাধিক প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সাধারণ মানুষের সমস্যার সমাধান হচ্ছে না। তাঁর দাবি, সরকারের বক্তব্য ও অবস্থানের মধ্যে অসঙ্গতি দেখা যাচ্ছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, আসানসোল পৌরনিগমের নির্বাচিত জনপ্রতিনিধিদের অনেক সময় খুঁজে না পাওয়ায় সাধারণ মানুষ বিভিন্ন নথিতে স্বাক্ষর ও প্রয়োজনীয় প্রশাসনিক কাজ করাতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
বিক্ষোভ মঞ্চ থেকে কংগ্রেসের পক্ষ থেকে কুলটি এলাকার দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা দ্রুত সমাধানের দাবি জানানো হয়। পাশাপাশি ডিসেরগড়গামী রাস্তার বেহাল অবস্থার অবিলম্বে সংস্কারের দাবিও তোলা হয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সুকান্ত দাস। তাঁর দাবি, গত এক সপ্তাহে কুলটি এলাকার বিভিন্ন স্থানে একাধিক খুনের ঘটনা ঘটেছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। তাই জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বৃদ্ধি এবং পুলিশের টহলদারি জোরদার করার দাবি জানানো হয়।
কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, উত্থাপিত দাবিগুলি দ্রুত বাস্তবায়িত না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে দল।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর