নির্ভীক বাংলা ,বাঁকুড়া: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী Yogi Adityanath-এর সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মী-সমর্থকদের বাসে হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার ধানশিমলা এলাকায়। এই ঘটনায় এক বিজেপি কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ঘটনাকে ঘিরে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী-সমর্থকেরা।
জানা গিয়েছে, সোনামুখী ও ইন্দাস বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে পাত্রসায়ের গরুহাট তলায় একটি বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় যোগ দিতে সোনামুখী ব্লক থেকে একাধিক বাসে করে বিজেপি কর্মী-সমর্থকেরা যান।
বিজেপির অভিযোগ, সভা শেষে ফেরার পথে ধানশিমলা রেলগেট সংলগ্ন এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাস লক্ষ্য করে ইট ছোঁড়ে। এতে একটি বাসের জানালার কাচ ভেঙে যায় এবং এক কর্মী আহত হন।
এরপরই ক্ষুব্ধ বিজেপি কর্মীরা বাঁকুড়া-বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। লাঠি-সোটা হাতে বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামী এবং পুলিশের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়া হয়।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। সোনামুখী কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডঃ কল্লোল সাহা বলেন, এই ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই এবং এটি বিজেপির অপপ্রচার।
ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।




