নির্ভীক বাংল, অন্ডাল
অন্ডালে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রেমের সম্পর্কের জেরেই কি এই মৃত্যু, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার উখড়া ফাঁড়ির অন্তর্গত শঙ্করপুর মোড় এলাকায়।
মৃত যুবকের নাম মুকেশ কুমার সাউ (২৬)। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর দেহ ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে উখড়া ফাঁড়ির পুলিশ এবং দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
মৃতের ভাই অনিল কুমার সাউ জানান, শনিবার গভীর রাতে বাড়ি ফেরার সময় মুকেশ স্বাভাবিক ছিলেন। তবে রবিবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন ভাইয়ের ঘরের লাইট জ্বলছে। বারবার দরজায় ধাক্কা দিয়েও সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে মুকেশের দেহ।
এরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরিবারের প্রাথমিক অনুমান, প্রেমঘটিত কারণে মানসিক চাপ থেকেই এই ঘটনা ঘটতে পারে। তবে এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হচ্ছে।





