নির্ভীক বাংলা
শ্যাম দাস, আসানসোল
কুলটি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রাথমিক পরিষেবা নিয়ে তীব্র সমালোচনা করলেন বিজেপি প্রার্থী ডাঃ অজয় পোদ্দার।
রবিবার সকালে কুলটির বিভিন্ন এলাকায় প্রচারে গিয়ে তিনি দাবি করেন, সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। পাশাপাশি তিনি অভিযোগ তোলেন, কুলটি অঞ্চলে এখনও পর্যন্ত পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার ক্ষেত্রে পর্যাপ্ত উন্নয়ন হয়নি।
তাঁর বক্তব্য, কেন্দ্রীয় সরকার পানীয় জল প্রকল্প ও স্বাস্থ্য পরিষেবার জন্য অর্থ বরাদ্দ করলেও সেই টাকা সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না। ফলে কুলটির বহু এলাকায় এখনও পানীয় জলের সংকট রয়ে গেছে। এছাড়াও বহু স্কুলের পরিকাঠামো ভগ্নপ্রায় হলেও মেরামতির জন্য প্রয়োজনীয় অর্থ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
স্বাস্থ্য পরিষেবা নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকার থেকে অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও সেগুলি চালু করা হয়নি। অথচ তৃণমূল কংগ্রেস “এগিয়ে বাংলা” বলে প্রচার চালাচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি।
সব মিলিয়ে কুলটি কেন্দ্রে নির্বাচনী প্রচারে ইস্যু হিসেবে প্রাথমিক পরিষেবাকেই সামনে তুলে ধরছে বিজেপি।





