নির্ভীক বাংলা, শ্যাম দাস, আসানসোল:
পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার সোনপুর গ্রামে দীর্ঘদিনের জল সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নেওয়া হলো। প্রায় ২ কোটি ৫৭ লক্ষ টাকা ব্যয়ে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প ও একাধিক উন্নয়নমূলক কাজের শুভ সূচনা করলেন এলাকার বিধায়ক Narendranath Chakraborty।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনপুর গ্রামে দীর্ঘদিন ধরেই পানীয় জলের তীব্র সঙ্কট ছিল। গ্রামবাসীরা বারংবার Eastern Coalfields Limited (ইসিএল) কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। পরবর্তীতে তাঁরা বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়কের দ্বারস্থ হন।
বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগ ও তৎপরতায় ইসিএলের অর্থানুকূল্যে এই জল প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ থেকেই বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে।
এই প্রসঙ্গে বিধায়ক জানান, ইসিএলের খনিজ সম্প্রসারণের ফলে খনি সংলগ্ন বিভিন্ন এলাকায় জলের স্তর কমে যাওয়ায় পানীয় জলের সঙ্কট তৈরি হয়েছে। বিশেষ করে সোনপুর গ্রামের পুনর্বাসনের পর থেকে গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে জলকষ্টে ভুগছিলেন। সেই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যেই এই প্রকল্পের সূচনা করা হলো।
গ্রামবাসীদের মতে, প্রকল্পটি সম্পূর্ণ হলে বহু পরিবারের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।





