নির্ভীক বাংলা,পাণ্ডবেশ্বর, শনিবার:
পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যাপারে জোরালো বার্তা দিলেন হুগলি লোকসভার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন কেন্দ্রা হাটতলা এলাকায় তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী-র সমর্থনে আয়োজিত সভায় বক্তব্য রাখেন তিনি।
সভাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদকে দেখতে ভোর থেকেই জমায়েত হন বহু মানুষ।
মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আবারও জয়ের মাধ্যমে চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।” তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেই সূর্য, যার আলোয় আমরা আলোকিত।”
এদিন তিনি রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন এবং দাবি করেন, বিভিন্ন সভায় মানুষের ব্যাপক সাড়া থেকেই স্পষ্ট, আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত।
সভায় উপস্থিত ছিলেন প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী, ব্লক সভাপতি কিরীটি মুখার্জি, কেন্দ্রা অঞ্চল সভাপতি যমুনা ধীবর সহ দলের অন্যান্য নেতৃত্ব।





