নির্ভীক বাংলা,পাণ্ডবেশ্বর: পাণ্ডবেশ্বরে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ ও ডিম ছোড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার দুই অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। অভিযুক্তদের লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের একটি পুরনো মামলায় জারি থাকা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বালি ব্যবসায়ী তথা অভিযুক্ত বালিমাফিয়া যুধিষ্ঠির ঘোষকে গ্রেপ্তার করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।
অন্যদিকে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় সন্ত্রাস সৃষ্টি, হুমকি প্রদান এবং বোমাবাজির অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা তথা পেশায় শিক্ষক নিতাই (নিতু) অধিকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে পাণ্ডবেশ্বরের শ্যামলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুই অভিযুক্তকেই দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালতে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে একদল মানুষ। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে গাড়ির দিকে এলোপাথাড়িভাবে ডিম ছোড়া হয়। কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




