ভিডিও

পরিত্যক্ত খাদানে স্নান করতে নেমে তলিয়ে গেল ১২ বছরের কিশোর, দু’দিন পরেও মিলল না দেহ

নির্ভীক বাংলা ,বারাবনি, পশ্চিম বর্ধমান:
পরিত্যক্ত পাথর খাদানের জমা জলে স্নান করতে নেমে তলিয়ে গেল এক ১২ বছরের কিশোর। ঘটনাটি ঘটেছে বারাবনি থানার আমডিয়া এলাকায়। দুই দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত দেহ উদ্ধার করা সম্ভব হয়নি, ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃত কিশোরের নাম বাপি তুরী (১২)। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে গ্রামের কাছে নাদাই বুড়ি মন্দির সংলগ্ন একটি পরিত্যক্ত পাথর খাদানে স্নান করতে যায় সে। সেই সময় অসাবধানতাবশত জলে তলিয়ে যায় বাপি।
অভিযোগ, ঘটনার পর তার সঙ্গীরা ভয় পেয়ে বিষয়টি সঙ্গে সঙ্গে কাউকে জানায়নি। রাতে প্রায় ৯টা নাগাদ পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে বিষয়টি সামনে আসে।
এরপর খবর দেওয়া হয় বারাবনি থানায়। পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা শুক্রবার সকাল থেকে ওই খাদানে তল্লাশি চালালেও এখনও পর্যন্ত কিশোরের কোনো সন্ধান মেলেনি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর