ভিডিও

পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের আবাসনে উদ্ধার রেশনের চাল-গম, কম্বল ও ত্রাণের ত্রিপল

নির্ভীক বাংলা,জামুড়িয়া, ৫ জুন: পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জামুড়িয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা উদীপ সিংয়ের দখলে থাকা একটি ইসিএল আবাসন থেকে বিপুল পরিমাণ রেশনের চাল-গম, ত্রাণের কম্বল ও ত্রিপল উদ্ধার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে জামুড়িয়া বিধানসভার পড়াশিয়া এলাকায় অবস্থিত উদীপ সিংয়ের দখলে থাকা একটি ইসিএল আবাসনের তালা খুলে তল্লাশি চালানো হয়। অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর তিনি পরিবার-সহ এলাকা ছেড়ে চলে যান এবং আবাসনটি তালাবন্ধ অবস্থায় ছিল।
বিজেপি কর্মীদের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে তারা কোলিয়ারি কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। এরপর জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ, আধা সামরিক বাহিনী, কোলিয়ারি কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে আবাসনের তালা খোলা হয়।
তল্লাশিতে আবাসনের ভিতর থেকে শতাধিক কম্বল, ত্রাণের ত্রিপল, বিভিন্ন বস্ত্রসামগ্রী এবং রেশনের চাল-গম উদ্ধার হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসী এই দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্ত নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ ও গ্রেপ্তারের দাবি তোলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সামগ্রীগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এগুলি সরকারি ত্রাণ বা রেশন সামগ্রী কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

TAGS

সম্পর্কিত খবর