নির্ভীক বাংলা,আসানসোল: চৈত্র মাসের সংক্রান্তির পূর্বদিনে পালিত নীল ষষ্ঠী উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের ঢল নেমেছে। বিশেষ করে সীমান্ত লাগোয়া চন্দ্রচূড় মন্দির-এ ভোর থেকেই শুরু হয়েছে ভক্তদের ভিড়।
প্রচলিত রীতি অনুযায়ী, এদিন ভোরবেলা থেকেই ভক্তরা নীলকণ্ঠ শিব-এর পূজা দিতে মন্দিরে উপস্থিত হন। অনেকেই মনস্কামনা পূরণের উদ্দেশ্যে দণ্ডী কেটে মন্দিরে আসেন। বিকেলের পর থেকে শুরু হয় নানা আচার—দণ্ডী দেওয়া, শরীরে ও জিহ্বায় ত্রিশূল ফুটিয়ে ভক্তিমূলক নৃত্য এবং জয়ধ্বনি। অনেক মন্দিরে রাতভর চলে ‘ঝোলা’ ঝোলানোর অনুষ্ঠানও।
ভক্তদের বিশ্বাস, দেবাদিদেব মহাদেবের কৃপায় এইসব কঠোর সাধনার মধ্যেও কোনও ক্ষয়ক্ষতি ঘটে না।
মন্দির কমিটির সদস্য পল্টু রায় জানান, প্রতি বছরের মতো এবারও নীল ষষ্ঠীর দিন প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে। ভোর থেকে শুরু হওয়া পূজা চলবে সারাদিন ও সারারাত, যা পরদিন ভোর পর্যন্ত অব্যাহত থাকবে। ভক্তদের সেবার জন্য মন্দির প্রাঙ্গণে স্বেচ্ছাসেবকদেরও মোতায়েন করা হয়েছে।
উৎসবকে কেন্দ্র করে গোটা এলাকা ভক্তিমূলক পরিবেশে মেতে উঠেছে।





