নির্ভীক বাংলা,আসানসোল | শ্যাম দাস:
আসন্ন নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে গিয়েই বড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানার রূপনারায়ণপুর ফাঁড়ির নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করা হয়। ঘটনায় এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে জানা যায় যে একটি যাত্রীবাহী বাসে করে ঝাড়খণ্ডে মদ পাচার করা হচ্ছে। সেই অনুযায়ী সালানপুর থানার অন্তর্গত নাকা পয়েন্টে নজরদারি বাড়ানো হয়।
শুক্রবার বিকেলে সন্দেহভাজন একটি বাসকে থামিয়ে তল্লাশি চালানো হলে বাসের ভেতর থেকে কয়েক পেটি বিভিন্ন নামি ব্র্যান্ডের মদের বোতল উদ্ধার হয়। ঘটনাস্থল থেকেই শাফিক শেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, বরাকর থেকে মদের বোতল সংগ্রহ করে ঝাড়খণ্ডের দুমকায় নিয়ে যাওয়া হচ্ছিল। বৈধ কোনো নথি দেখাতে না পারায় পুলিশ মদ সহ তাকে গ্রেপ্তার করে।
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই আন্তঃরাজ্য সীমান্তে নাকা চেকিং আরও কড়া করা হয়েছে। পুলিশের এই তৎপরতায় পাচারচক্রের ছক ভেস্তে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।





