নির্ভীক বাংলা , শ্যাম দাস, দূর্গাপুর:আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস-এর প্রচারে নতুন মাত্রা যোগ করলেন কবি দত্ত। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের সদ্য ঘোষিত এই প্রার্থী এবার সরাসরি মাঠে নেমে কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে দেয়াল লিখনে অংশ নিলেন।
মঙ্গলবার রাত প্রায় ন’টা নাগাদ বেনাচিতির ১৫ নম্বর ওয়ার্ডের ধুনারা প্লট তৃণমূল দলীয় কার্যালয়ে পৌঁছে নিজেই দেয়াল লিখন শুরু করেন তিনি। প্রার্থীর এই উদ্যোগে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
শুধু দেয়াল লিখনেই সীমাবদ্ধ থাকেননি কবি দত্ত। উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহিত করেন এবং সংগঠনকে আরও মজবুত করার বার্তা দেন। ভোটের আগে একজোট হয়ে কাজ করার উপরও জোর দেন তিনি।
রাজনীতিতে নতুন মুখ হলেও কবি দত্তের এই সক্রিয় অংশগ্রহণ ইতিমধ্যেই কর্মীদের মনোবল বাড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তাঁদের মতে, এভাবেই মাঠে নেমে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে পারলে আগামী দিনে প্রচারে আরও গতি আসবে।





