নির্ভীক বাংলা, দুর্গাপুর :
দুর্গাপুরের সেন মার্কেট এলাকায় রবিবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুষ্কৃতী তাণ্ডবকে কেন্দ্র করে। অভিযোগ, মুখে কালো কাপড় বেঁধে একদল দুষ্কৃতী বাজারে ঢুকে ব্যবসায়ীদের উপর হামলা চালায়, রাস্তায় ফেলে দেওয়া হয় সবজি এবং ভাঙচুর করা হয় একাধিক দোকানে। ঘটনায় আক্রান্ত হন সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাগর সাহা।
ব্যবসায়ীদের অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর থেকেই বাজার কমিটি দখলকে কেন্দ্র করে চাপ বাড়ছিল। অভিযোগের তির তৎকাল বিজেপি কর্মীদের দিকে। ব্যবসায়ী সমিতির দাবি, একটি অরাজনৈতিক সংগঠনের অফিস দখলের চেষ্টা করা হচ্ছিল। সেই প্রতিবাদ জানাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
রবিবার সকালে ফের উত্তেজনা চরমে পৌঁছয়, যখন দুষ্কৃতীরা বাজারে ঢুকে তাণ্ডব শুরু করে বলে অভিযোগ। বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কোকওভেন থানা-র বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও।
এদিকে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্যের অভিযোগ তুলেছেন কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ইতিমধ্যেই ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে বাজারের ভিতরে তাণ্ডব ও দৌড়ঝাঁপের দৃশ্য ধরা পড়েছে বলে জানা গেছে।
বর্তমানে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।





