নির্ভীক বাংলা,দুর্গাপুর: দীর্ঘদিন ধরে সরকারি সুযোগ-সুবিধা ও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে বুধবার দুর্গাপুর নগর নিগমের ৩ নম্বর বোরো অফিসের সামনে জড়ো হন প্রায় ৫০০ জন সাফাই কর্মী। সাতটি ওয়ার্ডের কর্মীরা তাদের বিভিন্ন দাবিসহ একটি স্মারকলিপি বোরো আধিকারিকের হাতে তুলে দেন।
সাফাই কর্মীদের অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ধরে সমকাজে সমবেতনের প্রতিশ্রুতি মিললেও তা বাস্তবায়িত হয়নি। অতীতে দাবি আদায়ের চেষ্টা করলে কাজ হারানোর হুমকিও পেতে হয়েছে বলে তাঁদের অভিযোগ। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে বর্তমান বেতনে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলে জানান আন্দোলনকারী কর্মীরা। তাই বেতন বৃদ্ধি-সহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানান তাঁরা।
৩ নম্বর বোরোর আধিকারিক অতনু রুদ্র জানান, সাফাই কর্মীদের দাবিসংবলিত স্মারকলিপি রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
এদিন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সাফাই কর্মীদের পাশে থাকার আশ্বাস দেন এবং তাঁদের সমস্যাগুলি গুরুত্ব সহকারে বিবেচনার দাবি জানান। একই সঙ্গে তাঁর অভিযোগ, সাফাই কর্মীদের ভুল বুঝিয়ে আন্দোলনে উসকানি দেওয়ার পেছনে বিরোধীদের ভূমিকা থাকতে পারে।
সাফাই কর্মীদের দাবি, তাঁদের দীর্ঘদিনের ন্যায্য প্রাপ্য ও সরকারি সুযোগ-সুবিধা দ্রুত নিশ্চিত করতে প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।





