নির্ভীক বাংলা,দুর্গাপুর, শনিবার:
নির্বাচনের মুখে দুর্গাপুরের কাঁকসার মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের আকন্দারা এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়াল পোস্টার ও দেওয়াল লিখন ঘিরে। তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদার-এর পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া এবং দেওয়াল লিখনে কাদা লাগানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই রাতের অন্ধকারে এই ধরনের কাজ করা হচ্ছে। তাদের অভিযোগ, দলের পতাকা নামিয়ে দেওয়া হচ্ছে এবং দেওয়াল লিখন মুছে ফেলার চেষ্টা চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি এই ধরনের কাজ করে না। উল্টে তৃণমূলই বিজেপির পতাকা নামিয়ে দিচ্ছে এবং দেওয়াল লিখন মুছে দিচ্ছে।” পাশাপাশি তিনি দলীয় কর্মীদের শান্ত থাকার বার্তাও দেন।
ঘটনাকে ঘিরে এলাকায় শনিবার সকাল থেকেই চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতির দিকে নজর রাখছে স্থানীয় প্রশাসন।




