ভিডিও

তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ, কেয়ারটেকারকে মারধরের ভিডিও ভাইরাল

কুলটি, পশ্চিমবঙ্গ: কুলটি থানার অন্তর্গত পুনুদি গ্রামে ৬২ নম্বর ওয়ার্ডে এক তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে মারধর ও গুন্ডামির গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে জানা গেছে।
অভিযোগ, গত ২১ ফেব্রুয়ারি রাত প্রায় ৮টা নাগাদ পুনুদি গ্রামে একটি হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। স্থানীয় সূত্রে দাবি, ওই অনুষ্ঠানের আয়োজক ছিলেন ৬২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর খামা মণ্ডল। অনুষ্ঠান চলাকালীন মাইক, চোঙা ও সাউন্ড বক্স উচ্চস্বরে বাজানো হচ্ছিল, যার ফলে এলাকায় পড়াশোনা করা পরীক্ষার্থীদের সমস্যা হচ্ছিল বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে এলাকার এক মহিলা আওয়াজ কমানোর অনুরোধ নিয়ে কাউন্সিলরের কাছে যান বলে জানা যায়। অভিযোগ, সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়। পরে স্থানীয় তত্ত্বাবধায়ক কল্যাণ মাঝিও আওয়াজ কমানোর দাবিতে মহিলার সমর্থনে এগিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এই সময় কাউন্সিলরের স্বামী সুখময় মণ্ডল ও তাঁর বড় ভাই সদানন্দ মণ্ডল কল্যাণ মাঝির উপর চড়াও হন এবং তাঁকে মারধর করেন। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই বিষয়টি নতুন মাত্রা পায়।
এদিকে, এলাকার প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান কাউন্সিলরের স্বামীর বড় ভাই বলে পরিচিত বিষ্ণুনাথ মণ্ডল কল্যাণ মাঝির বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করেছেন বলে অভিযোগ উঠেছে। ফলে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কুলটি থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
তবে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

TAGS

সম্পর্কিত খবর