নির্ভীক বাংলা,জামুড়িয়া, পশ্চিম বর্ধমান:
ভোটের প্রচারে অভিনব চিত্র ধরা পড়ল জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের ডোবরানা অঞ্চলে। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে একাধিক খুদে সেজে উঠল বিভিন্ন চরিত্রে, যা নজর কাড়ে এলাকাবাসীর।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকজন শিশু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল প্রার্থী হরেরাম সিং এবং মা লক্ষ্মীর সাজে সেজে প্রচারে অংশ নেয়। কেউ হাতে তুলে নিয়েছিল লক্ষ্মীর ভাঁড়, যা রাজ্যের জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রতীক হিসেবে তুলে ধরা হয়।
এদিন তৃণমূল প্রার্থী হরেরাম সিং ডোবরানা গ্রামে পৌঁছে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে প্রচার শুরু করেন। গ্রামজুড়ে ছিল রঙিন বেলুন ও দলীয় পতাকার সাজ। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মহিলারা ফুলের মালা ও পুষ্পবৃষ্টির মাধ্যমে প্রার্থীকে স্বাগত জানান।
প্রচারের সময় ডোবরানার পাত্রপাড়ায় পৌঁছাতেই দেখা যায় অভিনব দৃশ্য—দুই খুদে যথাক্রমে মমতা বন্দ্যোপাধ্যায় ও হরেরাম সিংয়ের সাজে সেজে প্রার্থীকে অভিভূত করে। পাশাপাশি আরও অনেকে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী ও লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন জনমুখী প্রকল্পের প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রচারে অংশ নেন।
এই ব্যতিক্রমী আয়োজন নির্বাচনী প্রচার মিছিলে অন্য মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা।
এ বিষয়ে প্রার্থী হরেরাম সিং জানান, মানুষের ব্যাপক সাড়া ও অংশগ্রহণে তিনি অত্যন্ত খুশি। তিনি আশাবাদী, এই কেন্দ্র থেকে জয়লাভ করবেন। পাশাপাশি আগামী দিনে পুনরায় নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পরিকল্পনাও বিস্তারিতভাবে তুলে ধরবেন বলে জানান।




