নির্ভীক বাংলা,দুর্গাপুর: জার্মানির সুহল-এ অনুষ্ঠিত ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ স্বর্ণপদক জয় করে দেশে ফিরলেন তরুণ ভারতীয় শুটার অভিনব সাও। রবিবার দুর্গাপুর বিমানবন্দরে পৌঁছতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
বিমানবন্দরে অভিনবকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অসংখ্য সমর্থক ও শুভানুধ্যায়ী। ফুলের মালা পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে এবং করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানানো হয়। আন্তর্জাতিক মঞ্চে দেশ ও পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করায় তাঁর সাফল্যে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত সকলেই।
অভিনব সাও ও শাম্ভবী ক্ষীরসাগর ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে স্বর্ণপদক জয় করেন। কোয়ালিফিকেশন রাউন্ডে ৬৩৪.৬ পয়েন্ট সংগ্রহ করে তাঁরা ফাইনালে ওঠেন। ফাইনালে ৫০৫.৮ পয়েন্ট নিয়ে শুধু স্বর্ণপদকই নয়, নতুন জুনিয়র বিশ্বরেকর্ডও গড়েন।
এই সাফল্যের জন্য পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান ফোন করে অভিনবকে অভিনন্দন জানান। তিনি বলেন, অভিনবের এই কৃতিত্ব গোটা রাজ্য ও দেশের জন্য গর্বের এবং তাঁর আগামী দিনের সাফল্যের জন্য শুভেচ্ছা জানান।
অভিনব সাওয়ের এই ঐতিহাসিক সাফল্য ভারতীয় শুটিংয়ের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এই অর্জন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ভারত ও পশ্চিমবঙ্গের সম্মান আরও বৃদ্ধি করেছে।





