নির্ভীক বাংলা,দুর্গাপুর, রবিবার: নির্বাচনী প্রচারের মাঝেই জল সমস্যাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে দুর্গাপুরে। এদিন সকাল সাড়ে এগারোটায় চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর নগর নিগমের ৩ নম্বর ওয়ার্ডের শোভাপুর এলাকায় প্রচারে গিয়ে স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলেন।
এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত জল সরবরাহ হয় না। যে জল আসে, তাও অত্যন্ত ধীরগতিতে—এক বালতি জল ভরতে অনেক সময় লেগে যায়। এই সমস্যার প্রসঙ্গেই তিনি রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার-কে কটাক্ষ করে বলেন, “এখানকার মানুষ বলছেন, প্রদীপ বাবুর ক্যাথেটারে যেমন জল পড়ে, তেমনই কলে জল পড়ছে।”
তিনি আরও দাবি করেন, দীর্ঘদিনের বাম ও তৃণমূল শাসনে সাধারণ মানুষ মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে।
পাল্টা জবাবে প্রদীপ মজুমদার বলেন, “যার যেমন রুচি, সে তেমন ভাষায় কথা বলে।” পাশাপাশি তিনি দাবি করেন, এলাকায় জলের সমস্যা মেটাতে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে এবং শোভাপুর হাজরা পাড়ায় গেলে তার প্রমাণ মিলবে।
ফলে, জল সমস্যা এখন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারের অন্যতম বড় ইস্যু হয়ে উঠেছে। অভিযোগ ও পাল্টা অভিযোগে সরগরম রাজনৈতিক ময়দান।




