ভিডিও

চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই জেলা পরিষদের কর্মাধ্যক্ষের, ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ ঘিরে বিতর্ক

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল
পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অন্যতম নির্বাচিত কর্মাধ্যক্ষ তথা সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সভাপতি মোঃ আরমানের নামই ঠাঁই পেল না চূড়ান্ত ভোটার তালিকায়। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় তাঁর নাম দেখানো হয়েছে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’-এ। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহল ও প্রশাসনিক স্তরে শুরু হয়েছে জোর চর্চা।
মোঃ আরমান এক যুগেরও বেশি সময় ধরে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বে রয়েছেন। তারও আগে প্রায় তিন দশক ধরে রূপনারায়ণপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সেই তিনিই এবার ভোটার তালিকা থেকে কার্যত বাদ পড়ায় ক্ষোভ উগরে দিয়েছেন প্রকাশ্যে।
তিনি জানান, এসআইআর পর্বে তাঁর স্ত্রী, বোন, ভগ্নিপতি, কাকার ছেলে ও তাঁর স্ত্রী—মোট ছয়জনকে শুনানির জন্য ডাকা হয়। নির্ধারিত দিনে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট-সহ প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও তাঁদের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ দেখানো হয়েছে।
মোঃ আরমানের বক্তব্য, “সবকিছুই ভুলভাবে চলছে। আমাদের পরিবারের ছয়জনের নাম চূড়ান্ত তালিকায় স্থান পেল না, অথচ আমার ছেলে-মেয়ের নাম ঠিকই উঠে গেল। বাবা-মাকে সন্দেহের তালিকায় রাখা হলো, আর তাদের সন্তানদের নাম চূড়ান্ত তালিকায় রইল—একে পাগলামি ছাড়া আর কী বলা যায়!”
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ অর্থ জমা দেওয়া নথিপত্র পুনরায় খতিয়ে দেখা হবে। যাচাই প্রক্রিয়ায় সন্তোষজনক প্রমাণ মিললে পরবর্তী সংশোধিত তালিকায় নাম অন্তর্ভুক্ত হতে পারে।
বারাবনি বিধানসভা কেন্দ্রের সালানপুর ব্লকের ৭১ নম্বর বুথের ভোটার মোঃ আরমান ও তাঁর পরিবার। বুথের পরিসংখ্যান অনুযায়ী, এসআইআর-এর আগে মোট ভোটার ছিলেন ৪৫০ জন। এসআইআর পরবর্তী খসড়ায় সেই সংখ্যা নেমে দাঁড়ায় ৩৭০-এ। তার মধ্যেও আবার ২৩ জনের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ হিসেবে চিহ্নিত। অর্থাৎ এই একটি বুথেই মোট ১০৩ জন ভোটার হয় তালিকা থেকে বাদ, নয়তো আপাতত স্থগিত অবস্থায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যথাযথ কারণ ছাড়াই একাধিক বুথে বহু ভোটারের নাম বাদ পড়ছে বা ঝুলে থাকছে। নির্বাচন ঘোষণার আগেই ভোটার তালিকা ঘিরে এমন অনিশ্চয়তা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

TAGS

সম্পর্কিত খবর