গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি আদিবাসী সম্প
আসানসোল:
এক বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়াল আসানসোলের শালডাঙ্গা এলাকায়। অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।
ঘটনার সূত্রপাত গত ১৯ জানুয়ারি। অভিযোগ, ওইদিন শালডাঙ্গার আদিবাসী পাড়ায় বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদের নেতৃত্বে বিজেপির কর্মীরা কম্বল ও শাড়ি বিতরণ করতে যান। সেই সময় আদিবাসী সম্প্রদায়ের অভিযোগ, কৃষ্ণা প্রসাদ তাঁদের সম্প্রদায়ের এক মহিলার সঙ্গে অপমানজনক আচরণ ও খারাপ ব্যবহার করেন।
এই ঘটনার পর আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে আসানসোল উত্তর থানায় কৃষ্ণা প্রসাদ ও আরও কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এরই প্রতিবাদে দুদিন আগে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন আসানসোল উত্তর থানার সামনে বিক্ষোভ দেখান এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলেন।
অন্যদিকে, পরদিন বিজেপির কর্মীরা পাল্টা বিক্ষোভে নামেন। তাঁদের দাবি, কৃষ্ণা প্রসাদকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, এবং এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার সকালে শালডাঙ্গার আদিবাসী পাড়ায় প্রাক্তন কাউন্সিলর শ্যাম সোরেনের নেতৃত্বে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন একত্রিত হন। সেখান থেকে স্পষ্টভাবে জানানো হয়, অবিলম্বে কৃষ্ণা প্রসাদকে গ্রেপ্তার না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





