ভিডিও

গুন্ডারাই আজ গুন্ডা দমনের বিল আনছে’— কেন্দ্রকে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, এক বছর তৃণমূল কর্মীদের মামলাই লড়ার ঘোষণা


নির্ভীক বাংলা,বর্ধমান, ১১ জুলাই:
একুশে জুলাইয়ের শহিদ দিবসের প্রস্তুতিকে সামনে রেখে শনিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি বৈঠকে যোগ দিয়ে একাধিক রাজনৈতিক ইস্যুতে কেন্দ্র ও বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান–দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ-সহ জেলা নেতৃত্ব।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদে উত্থাপিত গুন্ডা দমন সংক্রান্ত বিল প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “যারা একসময় নিজেরাই গুন্ডামি করেছে, তারাই আজ গুন্ডা দমনের বিল আনছে। এর থেকে বড় পরিহাস আর কিছু হতে পারে না।”
দলীয় কর্মীদের পাশে থাকার অঙ্গীকার করে তিনি ঘোষণা করেন, “আগামী এক বছর আমি রোজগারের দিকে মন দেব না। তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে যে অসংখ্য মামলা হয়েছে, সেই মামলাগুলি লড়াই করাই হবে আমার প্রধান কাজ।”
তাঁর দাবি, রাজ্যজুড়ে প্রায় ১৪ হাজার তৃণমূল কর্মী ও সমর্থকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁদের আইনি সহায়তা দেওয়া এবং পাশে দাঁড়ানোই এখন দলের অন্যতম প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।
বর্ধমান–পূর্বের সাংসদ শর্মিলা সরকারকে কটাক্ষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “তিনি তৃণমূলের সময়েই সাংসদ হয়েছিলেন। এখন তিনি কোথায়? শুধু সংসদে যাওয়া, প্রেস মিট করা আর বাড়ি ফেরা নয়, মানুষের বিপদের সময় তাঁদের পাশে দাঁড়ানোই একজন জনপ্রতিনিধির আসল দায়িত্ব।”
বালির মূল্যবৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, “একসময় যে বালির দাম ছিল ১২০০ টাকা, এখন তা বেড়ে ১৬০০ টাকা হয়েছে। এই মূল্যবৃদ্ধি শুভেন্দু অধিকারীর আমলেই হয়েছে।”
একুশে জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশ নিয়ে হাইকোর্টের সম্ভাব্য নির্দেশ প্রসঙ্গে তিনি বলেন, “হাইকোর্ট যেখানে সভা করার নির্দেশ দেবে, আমরা সেখানেই সভা করব। আদালতের নির্দেশকে আমরা সর্বদা সম্মান করি।”
এদিনের প্রস্তুতি বৈঠকে একুশে জুলাইয়ের কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, কর্মীদের অংশগ্রহণ এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা নেতৃত্বের দাবি, শহিদ দিবসের সমাবেশকে সফল করতে সর্বস্তরের কর্মীদের নিয়ে জোর প্রস্তুতি চলছে।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর