নির্ভীক বাংলা,
মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম বিধানসভা কেন্দ্র-এর ৬৬ নম্বর কেন্দ্রে আমজনতা উন্নয়ন পার্টির নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো। কল্যাণপুর টু গ্রাম পঞ্চায়েত-এর অধীন ঝিকুরহাটি-বেলডাঙ্গা গ্রাম-এ দলের প্রার্থী যাদব দাস কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারের সূচনা করেন।
প্রচারের শুরুতেই প্রার্থী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোটারদের সমর্থন প্রার্থনা করেন। এদিন কল্যাণপুর ওয়ান গ্রাম পঞ্চায়েত ও কল্যাণপুর টু গ্রাম পঞ্চায়েত এলাকাজুড়ে প্রচার কর্মসূচি চলে।
প্রার্থী যাদব দাস জানান, তাঁদের প্রচারে সাধারণ মানুষের ইতিবাচক সাড়া মিলছে। তাঁর কথায়, “মানুষ পরিবর্তন চাইছে এবং উন্নয়নের স্বার্থে আমাদের পাশে দাঁড়াচ্ছে।”
দলের খড়গ্রাম ব্লক সভাপতি মোহাম্মদ মোরশেদ শেখ বলেন, “আমাদের প্রার্থীর প্রচারে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। সাধারণ মানুষ সমর্থন জানাচ্ছেন। আমরা আশাবাদী, এই সমর্থনই আমাদের জয়ের পথে এগিয়ে নিয়ে যাবে।”
প্রচারে কর্মী-সমর্থকদের উপস্থিতি ও উৎসাহ ছিল লক্ষণীয়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনগুলিতে আরও জোরদারভাবে প্রচার চালানো হবে।




