ভিডিও

ক্রেসারের দূষণে অতিষ্ঠ মহেশপুর, কারখানার গেটে বিজেপির ঝান্ডা হাতে বিক্ষোভ গ্রামবাসীদের

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল
কারখানার ক্রেসার মেশিনের দূষণে অতিষ্ঠ হয়ে উঠেছে সালানপুর ব্লকের দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এলাকা। দূষণের প্রতিবাদে এবং অবিলম্বে ক্রেসার সরানোর দাবিতে শুক্রবার সকালেই বিজেপির ঝান্ডা হাতে কারখানার গেটের সামনে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রামদূত মেটলয়েস প্রাইভেট লিমিটেড কারখানা চত্বরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৮ এপ্রিল একই দাবিতে কারখানার সামনে আন্দোলনে নেমেছিলেন গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে সেই সময় গ্রামবাসী, পুলিশ ও পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয়। অভিযোগ, ওই বৈঠকে দূষণকারী ক্রেসার দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ।
কিন্তু গ্রামবাসীদের দাবি, নির্বাচন মিটতেই পুনরায় চালু করে দেওয়া হয় সেই ক্রেসার। এর ফলে এলাকায় দূষণের মাত্রা আরও বেড়ে যায়। ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, ধুলো ও শব্দদূষণের জেরে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
এক আন্দোলনকারী বলেন, “বৈঠকে ক্রেসার সরানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তা মানা হয়নি। বাধ্য হয়েই আমরা আবার আন্দোলনে নেমেছি।”
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালানপুর থানার অন্তর্গত কল্যাণেশ্বরী ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শেষ পর্যন্ত আগামী সোমবার পর্যন্ত সময় চায় পুলিশ প্রশাসন। পুলিশ আশ্বাস দেয়, বিষয়টি নিয়ে যথাযথ পদক্ষেপ করার চেষ্টা করা হবে।
প্রশাসনের আশ্বাসের পর আপাতত এদিনের মতো বিক্ষোভ তুলে নেন মহেশপুরের বাসিন্দারা। তবে তাদের স্পষ্ট হুঁশিয়ারি, নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

TAGS

সম্পর্কিত খবর