
কুলটি, পশ্চিম বর্ধমান : ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই রাজ্যের অন্যান্য জেলার মতো পশ্চিম বর্ধমান জেলাতেও পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। Asansol–Durgapur Police Commissionerate-এর অধীন আসানসোল শিল্পাঞ্চলে মোট ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
গতকাল থেকেই শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। মঙ্গলবার বিকেল প্রায় ৫টা নাগাদ নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের উদ্যোগে রুট মার্চের আয়োজন করা হয়। নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মিহির কুমার দে-র নেতৃত্বে নিয়ামতপুর নিউ রোড হয়ে লিথুরিয়া রোড পেরিয়ে চিনাকুড়ি বাজার পর্যন্ত চলে এই রুট মার্চ।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতেই এই রুট মার্চের আয়োজন। রাস্তায় টহল দিতে দেখা যায় সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ আধিকারিকদের।
স্থানীয়দের মতে, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এলাকায় এক ধরনের নিরাপত্তার অনুভূতি তৈরি হয়েছে। আগামী দিনেও শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় এমন রুট মার্চ চলবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।





