ভিডিও

কুলটির রামপুর চেকপোস্টে তোলাবাজির অভিযোগে ঝাড়গ্রাম থেকে গ্রেফতার দুই সাসপেন্ড এমভিআই, ২ দিনের পুলিশ হেফাজত

নির্ভীক বাংলা,আসানসোল, ২৬ জুলাই: পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার রামপুর চেকপোস্টে ট্রাকচালকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে দুই সাসপেন্ড মোটর ভেহিকেলস ইন্সপেক্টর (এমভিআই)-কে গ্রেফতার করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। ধৃতদের নাম নাজিমুল হক ও অনুপম বন্দ্যোপাধ্যায়।
অভিযোগ, পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত রামপুর আন্তঃরাজ্য চেকপোস্টে একটি ট্রাক আটকে ২২ হাজার টাকা ঘুষ নেওয়া হয়। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে গত ২৩ জুলাই রাজ্যের পরিবহণ দপ্তর ‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস রুলস, ১৯৭১’ অনুযায়ী দুই আধিকারিককে সাময়িক বরখাস্ত করে। একই সঙ্গে তদন্তের দায়িত্ব দেওয়া হয় অ্যান্টি-করাপশন ব্যুরোকে। এ ঘটনায় কুলটি থানায়ও অভিযোগ দায়ের হয়।
সাসপেন্ড হওয়ার পর থেকেই অভিযুক্ত দুই এমভিআই আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে ঝাড়গ্রাম থেকে তাঁদের গ্রেফতার করে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা শাখা।
রবিবার ধৃতদের আসানসোল আদালতে পেশ করে পুলিশ সাত দিনের হেফাজতের আবেদন জানায়। তবে আদালত তাঁদের জামিনের আবেদন খারিজ করে দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশের এক আধিকারিক জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না এবং ঘুষ আদায়ের ঘটনার পূর্ণ তথ্য জানার চেষ্টা করা হবে।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর