নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিম বর্ধমান:
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ‘Under Adjudication’ চিহ্নিত ভোটারদের নাম ঘিরে বিতর্কের জেরে কুলটির নিয়ামতপুরে বিক্ষোভে নামল Communist Party of India (Marxist) (সিপিএম)। শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নিয়ামতপুর ১ নম্বর লোকাল এরিয়া কমিটির উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
দলীয় নেতৃত্বের দাবি, চূড়ান্ত ভোটার তালিকায় বহু ভোটারের নাম থাকা সত্ত্বেও তাঁদের ‘Under Adjudication’ বা বিচারাধীন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে হাজার হাজার ভোটার কার্যত অনিশ্চয়তার মুখে পড়েছেন। SIR প্রক্রিয়ার মাধ্যমে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে এর প্রতিবাদেই এই বিক্ষোভ সভার আয়োজন করা হয়।
পথসভায় উপস্থিত ছিলেন নিয়ামতপুর লোকাল কমিটির সম্পাদক দেওআনন্দ প্রসাদ। এছাড়াও বক্তব্য রাখেন সিপিএম নেতা জাহাঙ্গীর আলম, জাভেদ আনসারী, অশোক শাও সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, ভোটার তালিকা সংক্রান্ত এই প্রক্রিয়া গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করছে এবং সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে। দ্রুত বিষয়টির স্বচ্ছ সমাধান ও প্রকৃত ভোটারদের নাম পুনর্বহালের দাবি জানানো হয় সভা থেকে।
এদিনের পথসভাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়।





