নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল: পশ্চিম বর্ধমানের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত দেন্দুয়া কল্যাণেশ্বরী রোডের কদভিটা মোড় সংলগ্ন এলাকায় একটি বাড়ি ও সংলগ্ন বাসনের দোকানে চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, অনিরুদ্ধ শাউয়ের বাড়ি এবং বাড়ি সংলগ্ন বাসনের দোকানে চুরির অভিযোগের তদন্তে নেমে কদভিটা নোটিফাইয়েড এলাকার বাসিন্দা গোপাল সেনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রের দাবি।
শনিবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, বৃহস্পতিবার চুরির অভিযোগ সামনে আসার পরই চৌরঙ্গী ফাঁড়ির আধিকারিকের নেতৃত্বে তদন্ত শুরু হয়। দ্রুত তদন্ত চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে এলাকায় পুলিশি নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানা গেছে।





