নির্ভীক বাংলা, শ্যাম দাস, আসানসোল:
আসানসোলের কুলটি-র নিয়ামতপুর ইস্কো মোড়ে ডাঃ ভীমরাও রামজি আম্বেদকর-এর মূর্তি স্থাপনকে কেন্দ্র করে গত দু’দিন ধরে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। বার্নপুর সেল আইএসপি (ইস্কো) কর্তৃপক্ষ উক্ত ফাঁকা জায়গায় আম্বেদকরের মূর্তি বসানোর পরিকল্পনা ঘোষণা করলে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা, হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার বিকেলে কুলটি ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বিজেপির বিধায়ক ডাঃ অজয় কুমার পোদ্দার জানান, ২০ তারিখ ইস্কো কর্তৃপক্ষের তরফে মূর্তি স্থাপনের কাজ হবে এবং সেখানে বিজেপির কোনও কর্মী, সমর্থক বা নেতৃত্ব উপস্থিত থাকবেন না।
এরপর একই দিন রাত প্রায় ৯টা নাগাদ নিয়ামতপুর তৃণমূল কার্যালয়ে জেলা নেতৃত্ব ও ব্লক সভাপতির উপস্থিতিতে পাল্টা সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেস। সেখানেও জানানো হয়, ২০ তারিখ ইস্কো কর্তৃপক্ষ মূর্তি স্থাপনের যে কাজ করবে, সেখানে তৃণমূলের পক্ষ থেকেও কেউ উপস্থিত থাকবে না।
ফলে দুই দলের এই ঘোষণার পর নিয়ামতপুরে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল, তা আপাতত প্রশমিত হয়েছে। প্রশাসনও পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গেছে।





