ভিডিও

কারখানার ভাটি ব্লাস্টে গুরুতর জখম ৪ শ্রমিক, আশঙ্কাজনক ২

নির্ভীক বাংলা,দুর্গাপুর: গোপালপুরের একটি বেসরকারি ইস্পাত কারখানায় ভাটি ব্লাস্ট হয়ে গুরুতর জখম হলেন চার শ্রমিক। শুক্রবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। আহতদের মধ্যে দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাদের রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার সকালে কারখানায় প্রতিদিনের মতো কাজ চলাকালীন আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ভাটিতে। বিস্ফোরণের জেরে আগুনের তাপ ও গলিত পদার্থ ছিটকে পড়ে ঝলসে যান চার শ্রমিক। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহতদের মধ্যে পরিমল বিশ্বাস ও নিরঞ্জন বাগদী নামের দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বাকি দুই শ্রমিকও গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর হাসপাতালে ভিড় জমান আহতদের পরিবার ও সহকর্মীরা। কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কাজ চলছে। নিয়মমাফিক সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয় না বলেও দাবি তাদের। পাশাপাশি বহু শ্রমিক ইএসআই ও পিএফ সুবিধা থেকেও বঞ্চিত বলে অভিযোগ ওঠে।
দুর্ঘটনার পর ক্ষতিপূরণ ও উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ দেখান শ্রমিকরা। ঘটনায় সরব হয়েছে বিজেপিও। শুভাশিস মুখোপাধ্যায় বলেন, “বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে। অথচ কারখানায় সঠিক নিরাপত্তা ব্যবস্থা নেই। আহত শ্রমিকদের যথাযথ চিকিৎসাও অনেক ক্ষেত্রে হয় না। শ্রমিকদের কোনও ক্ষতি হলে তার সম্পূর্ণ দায় কারখানা কর্তৃপক্ষকেই নিতে হবে।”
ঘটনার পর কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

TAGS

সম্পর্কিত খবর