ভিডিও

আসানসোল শিল্পাঞ্চলে স্বস্তির বৃষ্টি, হট্টন রোডে জলজটে ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, আসানসোল, ২৯ মে : কয়েকদিনের তীব্র গরম ও দাবদাহের পর বৃহস্পতিবার বিকেলে স্বস্তির বৃষ্টি নামল আসানসোল শিল্পাঞ্চল জুড়ে। প্রবল বৃষ্টিতে একদিকে যেমন স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ, অন্যদিকে শহরের একাধিক এলাকায় দেখা দিয়েছে জলজটের সমস্যা।
আসানসোলের হট্টন রোড এলাকায় বৃষ্টি থামতেই রাস্তায় ব্যাপক জল জমে যায়। বহু জায়গায় হাঁটু সমান জল দাঁড়িয়ে থাকায় যান চলাচল ব্যাহত হয়। সমস্যায় পড়েন অফিসফেরত যাত্রী ও পথচলতি মানুষ। জলমগ্ন রাস্তায় ধীরগতিতে চলতে দেখা যায় যানবাহনগুলিকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই হট্টন রোড এলাকায় একই সমস্যা দেখা দেয়। সামান্য বৃষ্টিতেই জল জমে যাওয়ায় নিকাশি ব্যবস্থার বেহাল দশা ফের সামনে এসেছে। দ্রুত স্থায়ী সমাধান ও উন্নত ড্রেনেজ ব্যবস্থার দাবি তুলেছেন এলাকাবাসী।
অন্যদিকে, পাণ্ডবেশ্বর, অন্ডাল ও লাউদোহা সহ খনি অঞ্চলের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে নেমেছে প্রবল বৃষ্টি। কালো মেঘে ঢেকে যায় আকাশ, বজ্রপাতের শব্দে কেঁপে ওঠে চারদিক। দীর্ঘ গরমের পর এই বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ।
তবে ঝোড়ো হাওয়ার জেরে কিছু এলাকায় গাছ পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

TAGS

সম্পর্কিত খবর