ভিডিও

আসানসোল শহরে ‘এড মাই বিন’ প্রকল্পের সূচনা, জনবহুল এলাকায় বসবে নতুন ডাস্টবিন

নির্ভীক বাংলা, আসানসোল, ৪ জুন : শহরকে আরও পরিচ্ছন্ন ও জঞ্জালমুক্ত করে তুলতে নতুন উদ্যোগ নেওয়া হল আসানসোলে। বেসরকারি সংস্থার উদ্যোগে শহরের বিভিন্ন জনবহুল এলাকায় ডাস্টবিন বসানোর পরিকল্পনার সূচনা করা হয়েছে।
বৃহস্পতিবার আসানসোল সার্কিট হাউসে এক অনুষ্ঠানে রাজ্যের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল ‘এড মাই বিন’ প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস পন্নামবলাম এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারসহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
মন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন শহরকে পরিচ্ছন্ন রাখতে সম্প্রতি ‘স্বচ্ছ অ্যাপ’-এর সূচনা করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে কোনও এলাকায় রাস্তার উপর আবর্জনা পড়ে থাকতে দেখা গেলে সাধারণ মানুষ তার ছবি তুলে আপলোড করতে পারবেন। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ আবর্জনা পরিষ্কার করবে এবং তার প্রমাণস্বরূপ ছবি আপলোড করা হলে অভিযোগটি নিষ্পত্তি হবে।
‘এড মাই বিন’ প্রকল্পের উদ্যোক্তা বেসরকারি সংস্থার প্রতিনিধিরা জানান, শহরের গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় পর্যায়ক্রমে ডাস্টবিন বসানো হবে। ডাস্টবিনগুলির রক্ষণাবেক্ষণ ও পরিষ্কারের দায়িত্বও সংস্থাই নেবে। পাশাপাশি পানের পিক ফেলার জন্য পৃথক ‘পিক বিন’ স্থাপন এবং রাতের সময় ডাস্টবিনগুলিতে আলোর ব্যবস্থা করার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, প্রায় ১০০ মিটার অন্তর ডাস্টবিন বসানোর পরিকল্পনা রয়েছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব বেসরকারি সংস্থাই বহন করবে, ফলে পৌরনিগমের উপর অতিরিক্ত চাপ পড়বে না। এই উদ্যোগ শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

TAGS

সম্পর্কিত খবর