ভিডিও

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে বড়সড় গাঁজা উদ্ধার, ১০৪ কেজি গাঁজাসহ নম্বরবিহীন চারচাকা গাড়ি বাজেয়াপ্ত

নিজস্ব সংবাদদাতা, আসানসোল:
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ (ডিডি) ও কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশের যৌথ অভিযানে শুক্রবার ভোরে বড়সড় সাফল্য মিলেছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কল্যাণেশ্বরী লেফট ব্যাংক সংলগ্ন পুলিশ বাগান এলাকায় নাকা তল্লাশি চালিয়ে ১০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঝাড়খণ্ড থেকে একটি চারচাকা গাড়িতে বিপুল পরিমাণ গাঁজা পশ্চিমবঙ্গে পাচার করা হচ্ছে বলে গোয়েন্দাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল। সেই অনুযায়ী নাকা তল্লাশি শুরু হতেই গাড়ির চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি ফেলে পালিয়ে যায়।
পরিত্যক্ত গাড়িটি তল্লাশি করে পুলিশ ১০০টি প্যাকেটে মোট ১০৪ কেজি গাঁজা উদ্ধার করে। বাজেয়াপ্ত গাড়িটি একেবারে নতুন এবং তাতে কোনো নম্বর প্লেট লাগানো ছিল না।
পুলিশের প্রাথমিক অনুমান, এটি একটি সংঘবদ্ধ মাদক পাচার চক্রের কাজ। এত বিপুল পরিমাণ গাঁজা কোথায় পাচার করা হচ্ছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু হয়েছে। গাড়িটির মালিকানা শনাক্ত করার পাশাপাশি পলাতক চালক ও পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং শীঘ্রই এই চক্রের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের আশা করা হচ্ছে।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর