ভিডিও

আসানসোল-দুর্গাপুরের উন্নয়নে জরুরি বৈঠক, স্মার্ট বাসস্ট্যান্ড থেকে বিমানবন্দর আধুনিকীকরণে জোর

ADDA-র বৈঠকে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, জমি-জট কাটিয়ে দ্রুত কাজ শেষের নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রা পালের

নির্ভীক বাংলা,দুর্গাপুর:
আসানসোল-দুর্গাপুর অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং জমি-সংক্রান্ত জটিলতা দূর করতে শনিবার দুর্গাপুরে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (ADDA)-এর ভবনে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পন্নামবলাম, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘরুই-সহ জেলার ছয়জন বিধায়ক এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
বৈঠকে জমি-সংক্রান্ত সমস্যায় আটকে থাকা বিভিন্ন সরকারি প্রকল্প, অসম্পূর্ণ রাস্তার কাজ এবং চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। দ্রুত সমস্যার সমাধান করে প্রকল্পগুলির কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, পশ্চিম বর্ধমান জেলার উন্নয়নকে আরও গতিশীল করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, জেলার বিভিন্ন এলাকায় আধুনিক স্মার্ট বাসস্ট্যান্ড নির্মাণ করা হবে। পাশাপাশি সরকারি প্রকল্পে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
মন্ত্রী আরও জানান, কাজী নজরুল ইসলাম বিমানবন্দরকে আরও আধুনিক করে তোলা এবং উড়ান পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া যেখানে উন্নয়নমূলক কাজে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেখানে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও জেলার বিভিন্ন নদীর তীরে সৌন্দর্যায়ন ও উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ, নতুন সেতু নির্মাণ এবং পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথাও জানান তিনি।
অগ্নিমিত্রা পাল বলেন, “উন্নয়নমূলক কাজ নিয়েই এই বৈঠক হয়েছে। জেলা প্রশাসনের আধিকারিক ও বিধায়কদের একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পশ্চিম বর্ধমান জেলাকে নতুন রূপে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর