নির্ভীক বাংলা,আসানসোল সংবাদ:
আসানসোল, ২০ জুলাইঃ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে সোমবার আসানসোল জেলা আদালতে কর্মবিরতি পালন করেন আইনজীবীরা। আদালতের প্রধান গেট বন্ধ করে বিক্ষোভে সামিল হন আসানসোল বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এর ফলে আদালতের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিচারপ্রার্থী সাধারণ মানুষও সমস্যার মুখে পড়েন।
আসানসোল বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ মুখার্জি জানান, সম্প্রতি কয়েকজন বহিরাগত কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের সময় সংশ্লিষ্ট আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন না। তাঁর অভিযোগ, বিষয়টি যথাযথভাবে যাচাই না করেই পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে।
এই ঘটনার প্রতিবাদে গত শনিবার আইনজীবীরা অবস্থান-বিক্ষোভে সামিল হন। এরপর সোমবার আন্দোলন আরও জোরদার করে আদালতের গেট বন্ধ করে কর্মবিরতি পালন করেন। বিক্ষোভ চলাকালীন বিভিন্ন থানার পুলিশ কর্মীরা আদালতে প্রবেশ করতে না পারায় তাঁদের সরকারি কাজেও বিঘ্ন ঘটে।
আইনজীবীদের দাবি, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে উদ্যোগ নিলে তবেই আন্দোলন প্রত্যাহার করা হবে এবং আদালতের গেট খুলে দেওয়া হবে।
সোমবারের কর্মবিরতি ও বিক্ষোভে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী শেখর কুণ্ডু, বাণী মণ্ডল-সহ আসানসোল আদালতের প্রায় সমস্ত আইনজীবী। আন্দোলনের জেরে আদালতের বিচারিক কাজকর্মের পাশাপাশি সাধারণ বিচারপ্রার্থীদেরও ভোগান্তির শিকার হতে হয়।





