নির্ভীক বাংলা,আসানসোল:
আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জীকে সংবর্ধনা জানালেন রেলপাড় এলাকার মুসলিম সম্প্রদায়ের উলেমা ও সাধারণ মানুষ। রবিবার তাঁর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিধায়কের হাতে ফুল ও উত্তরীয় তুলে দিয়ে তাঁকে সংবর্ধনা জানানো হয়। এরপর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্কুলের পরিকাঠামো উন্নয়ন, রাস্তা নির্মাণ ও সংস্কার, হাসপাতালের পরিষেবা, পানীয় জল, বিদ্যুৎসহ একাধিক জনস্বার্থমূলক বিষয় তুলে ধরেন উপস্থিত বাসিন্দারা।
বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জী বলেন, “বিজেপি ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ নীতিতেই মানুষের সেবায় কাজ করে চলেছে। আসানসোল উত্তর বিধানসভায় উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “যারা অন্যায় করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী প্রত্যেকের বিচার হবে এবং আইনের শাসন বজায় থাকবে।”
বৈঠকে উপস্থিত মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে বিধায়কের কাছে বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। বিধায়কও সেগুলি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।





