নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল:
আসানসোলের সেনরেলে রোড এলাকায় যুবক খুনের ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। শুক্রবার গভীর রাতে মারধরের জেরে গুরুতর জখম হন দেবদীপ চ্যাটার্জী নামে এক যুবক। পরে শনিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। শনিবার সকালে আসানসোল জেলা হাসপাতাল-এ মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
এই ঘটনায় হাসপাতলে পৌঁছন বিজেপির আসানসোল উত্তর কেন্দ্রের প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি এবং কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডি।
কৃষ্ণেন্দু মুখার্জির অভিযোগ, ঘটনাস্থলের অদূরেই সরকারি দপ্তর থাকা সত্ত্বেও দুষ্কৃতীদের হাতে এক যুবকের মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক। যদিও পুলিশ ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে, তবুও শহরে এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
অন্যদিকে, প্রসেনজিৎ পুইতুন্ডির দাবি, এই ঘটনায় জড়িতদের মধ্যে একজন স্থানীয় রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ। তাঁর অভিযোগ, প্রথমে ভগৎ সিং মোড়ে দেবদীপকে গাড়ি থামিয়ে মারধর করা হয়, পরে টানেলের কাছে আবার হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় আবাসনের গেটে পৌঁছলে তাঁর নাম জানার পর আরও মারধর করা হয়, যার ফলেই মৃত্যু ঘটে।
যদিও তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু এই ঘটনাকে রাজনৈতিক খুন হিসেবে মানতে নারাজ। তাঁর বক্তব্য, “অহেতুকভাবে এই ঘটনাকে রাজনৈতিক রং লাগানো হচ্ছে। এটি কোনও রাজনৈতিক খুন নয়।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতির উপর নজর রাখছে।





