ভিডিও

আদিবাসী সমাজকে সচেতন করতে ‘ট্রাইবাল উন্নয়ন জনজাতীয় গরিমা উৎসব’ শুরু লাউদোহায়

নির্ভীক বাংলা, লাউদোহা: পিছিয়ে পড়া আদিবাসী ও জনজাতি সম্প্রদায়কে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সচেতনতামূলক উদ্যোগ নিল ভারত সরকার। সেই লক্ষ্যেই শুরু হল ‘ট্রাইবাল উন্নয়ন জনজাতীয় গরিমা উৎসব’। ১৯ মে থেকে ২৫ মে পর্যন্ত চলবে এই কর্মসূচি।
মঙ্গলবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের নবঘনপুর গ্রামের অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় থেকে এই সচেতনতামূলক ক্যাম্পের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের নবনির্বাচিত বিধায়ক জিতেন্দ্র কুমার তেওয়ারি। অনুষ্ঠানের শুরুতে তিনি এলাকার বিখ্যাত রক্ষাকালী মন্দিরে পুজো দেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিডিও দেবদীপ বৈরাগী, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি-সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জিতেন্দ্র কুমার তেওয়ারি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র উদ্যোগে পিছিয়ে পড়া জনজাতিগোষ্ঠীকে মূল স্রোতে ফিরিয়ে আনার এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। তিনি জানান, দুর্গাপুর ফরিদপুর ব্লকের ছয়টি পঞ্চায়েত এলাকায় পর্যায়ক্রমে এই ধরনের সচেতনতামূলক ক্যাম্প করা হবে। সেখানে আদিবাসী ও জনজাতি সম্প্রদায়ের মানুষদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে জানানো হবে এবং প্রয়োজনীয় সহযোগিতা করবে ব্লক প্রশাসন।
পাশাপাশি তিনি রাজনৈতিক ভেদাভেদ ভুলে এলাকার উন্নয়নের স্বার্থে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তাঁর বক্তব্য, সরকারি মঞ্চে যেমন প্রশাসনের আধিকারিকরা উপস্থিত রয়েছেন, তেমনই বিরোধী দলের প্রতিনিধিরাও রয়েছেন। তিনি আরও বলেন, এলাকার পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানরাও উপস্থিত থাকলে অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠত।

TAGS

সম্পর্কিত খবর