নির্ভীক বাংলা ,বারাবনি, পশ্চিম বর্ধমান:
ভোটের আগে বারাবনি বিধানসভা এলাকায় জোরদার প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়। শনিবার সালানপুর ব্লকের আছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক গ্রামে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি।
আছড়া, পল্লীমঙ্গল ও হরিসাডি সহ বিভিন্ন এলাকায় প্রার্থীকে ঘিরে উৎসাহ দেখা যায় স্থানীয়দের মধ্যে। বহু জায়গায় পুষ্পবৃষ্টির মাধ্যমে তাকে স্বাগত জানান গ্রামবাসীরা। প্রার্থীও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধান উপাধ্যায় জানান, এলাকায় এখনও পানীয় জল ও পাকা বাড়ির সমস্যা রয়েছে। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে এই সমস্যাগুলির দ্রুত সমাধান করা হবে। এছাড়াও এলাকায় দ্রুত দমকল পরিষেবা পৌঁছাতে একটি স্থায়ী দমকলের গাড়ির ব্যবস্থা এবং বারাবনি ব্লকে নতুন কলেজ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।
প্রার্থী দাবি করেন, গত কয়েক বছরে এলাকায় রাস্তাঘাট, স্ট্রিট লাইট ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই তিনি মানুষের সমর্থন চাইছেন।
এদিনের প্রচারকে ঘিরে আছড়া পঞ্চায়েত এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।




