দুর্গাপুর: অসুস্থ ছেলের খবর পেয়ে বীরভূম থেকে দুর্গাপুরে ছুটে এসে পথ হারালেন আশি বছরের এক বৃদ্ধা মা। শেষমেশ ট্রাফিক পুলিশের মানবিক উদ্যোগেই খুঁজে পেলেন ছেলের ঠিকানা।
জানা গেছে, বৃদ্ধার ছেলে জগবন্ধু পাঁজা গুরুতর অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে। বৃদ্ধা থাকেন খয়রাসোল এলাকার ভীমগড়ের রতনপুর গ্রামে। ছেলের অসুস্থতার খবর পেয়ে আর দেরি না করে তিনি বাসে চেপে চলে আসেন দুর্গাপুরে। ধারণা ছিল, ছেলে গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, ওই হাসপাতালে তার ছেলে নেই।
এরপর দিশাহীন অবস্থায় হাসপাতাল চত্বরে ঘুরতে থাকেন তিনি। বিষয়টি নজরে আসে কর্তব্যরত ট্রাফিক পুলিশের। বৃদ্ধার সঙ্গে কথা বলে তাঁর নাতনির ফোন নম্বর সংগ্রহ করা হয়। পরে দুর্গাপুর ট্রাফিক ওসি সুকান্ত দাস নিজেই গাড়িতে করে তাঁকে বিধাননগরে আত্মীয়দের কাছে পৌঁছে দেন।
পুলিশের এই মানবিক উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেন বৃদ্ধা ও তাঁর পরিবার। স্থানীয় মহলেও ট্রাফিক পুলিশের এই ভূমিকার প্রশংসা করা হয়েছে।





