নির্ভীক বাংলা,অন্ডাল
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পৌঁছানোর অভিযোগে মঙ্গলবার অন্ডাল ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন কয়েকশো মহিলা।
বিক্ষোভকারীদের দাবি, তাঁদের এলাকার অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা জমা পড়েছে। কিন্তু যোগ্য হওয়া সত্ত্বেও বহু মহিলার অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি। কেন এই বৈষম্য হচ্ছে, তা নিয়ে তাঁদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এই অভিযোগকে সামনে রেখেই মঙ্গলবার সকাল থেকে শতাধিক মহিলা অন্ডাল বিডিও অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা প্রশাসনের কাছে দ্রুত সমস্যার সমাধান এবং বকেয়া অর্থ তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর দাবি জানান।
এদিকে সরকারি নির্দেশিকা অনুযায়ী, সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তি, আয়করদাতা, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন এমন ব্যক্তি, পুরুষ, ২৫ বছরের কম এবং ৬০ বছরের বেশি বয়সি মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় অর্থ পাবেন না। পাশাপাশি, পূর্বে ভুল বা নিয়মবহির্ভূতভাবে অন্তর্ভুক্ত হওয়া নামগুলিও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পের যোগ্য সমস্ত মহিলা উপভোক্তাই অন্নপূর্ণা ভাণ্ডারের আর্থিক সহায়তা পাবেন। এছাড়াও আবেদন ও প্রক্রিয়া সম্পূর্ণ করার সময়সীমা বাড়ানো হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
তবে বিক্ষোভকারী মহিলাদের দাবি, সরকারি আশ্বাসের পাশাপাশি দ্রুত তাঁদের অ্যাকাউন্টে অর্থ জমা পড়ুক এবং বিষয়টি নিয়ে প্রশাসন স্পষ্ট ব্যাখ্যা দিক।





