নির্ভীক বাংলা,অন্ডাল, বুধবার:
লোভ ও স্বার্থে ভরা বর্তমান সময়ে এক অনন্য সততার দৃষ্টান্ত স্থাপন করলেন অন্ডালের এক মোটরবাইক গ্যারেজ মিস্ত্রি।
বুধবার সকাল প্রায় সাড়ে ১০টা নাগাদ অন্ডাল মোড়ের গ্যারেজ মিস্ত্রি মোঃ মহসিন আনসারী একটি গাড়ির ট্রায়াল দিতে গিয়ে রাস্তার উপর একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান। সন্দেহজনক মনে হওয়ায় তিনি সঙ্গে সঙ্গে অন্ডাল থানার পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ব্যাগ খুলে দেখা যায়, তার মধ্যে রয়েছে সোনার গয়না ও গুরুত্বপূর্ণ নথিপত্র।
পুলিশ সূত্রে জানা যায়, অন্ডালের কাজরা গ্রামের বাসিন্দা গৌতম মুখার্জি নিজের প্রয়োজনে গোপালমাঠ এলাকায় যাচ্ছিলেন বাইকে করে। সেই সময় অসাবধানতাবশত তাঁর ব্যাগটি রাস্তায় পড়ে যায়। গন্তব্যে পৌঁছে ব্যাগ হারানোর বিষয়টি বুঝতে পেরে তিনি হতাশ হয়ে পড়েন।
পরে খোঁজ করতে গিয়ে স্থানীয় পুলিশ কর্মীদের কাছে জানতে পারেন, একটি ব্যাগ উদ্ধার হয়েছে এবং সেটি অন্ডাল থানায় জমা রয়েছে।
গোপালমাঠের বাসিন্দা গৌতম ঘটক জানান, “গ্যারেজ মিস্ত্রি ও পুলিশকে ধন্যবাদ। এখনও এমন মানুষ আছেন, যারা নিঃস্বার্থভাবে অন্যের উপকার করেন।”
এই ঘটনায় আবারও প্রমাণিত হলো, সমাজে এখনও সততা ও মানবিকতা বেঁচে রয়েছে।




