নির্ভীক বাংলা ,অন্ডাল, ১২ এপ্রিল: পশ্চিম বর্ধমানের অন্ডাল মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে ঘিরে রবিবার বেলা সাড়ে বারোটা নাগাদ তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জেরে রোগীর মৃত্যুর পর হাসপাতাল চত্বর কার্যত রণক্ষেত্রে পরিণত হয়।
মৃতার পরিবার ও আত্মীয়-স্বজনরা ক্ষোভে ফেটে পড়ে হাসপাতাল চত্বরে ব্যাপক ভাঙচুর চালায়। পুলিশের উপস্থিতিতেই এই ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা গেছে। হাসপাতালের ভেতরে ও বাইরে একাধিক জায়গায় ক্ষয়ক্ষতি হয়, এমনকি বেশ কয়েকটি দামি গাড়িও ভাঙচুর করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
জানা গিয়েছে, মৃতার নাম ইয়াসমিন বানু (৪২), বাড়ি অন্ডালের অরবিন্দ নগর এলাকায়। পরিবার সূত্রে খবর, গত ১০ এপ্রিল পেটের যন্ত্রণা নিয়ে তাঁকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তাঁর অপারেশন হয় এবং রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই এই মৃত্যু হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করেই ক্ষুব্ধ পরিবার ও স্থানীয়রা বিক্ষোভে সামিল হন এবং ভাঙচুর চালান।
মৃতার পরিবারের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষকে মৃতার সন্তানের আজীবন দায়িত্ব নিতে হবে এবং উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
যদিও এই ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকায় এখনও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।




