ভিডিও

অন্ডালের খান্দরা কোলিয়ারিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা

নির্ভীক বাংলা, অন্ডাল:
অন্ডালের খান্দরা কোলিয়ারি এলাকায় হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসিএল কর্তৃপক্ষ অবৈধ দখলদারদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালায়। এর জেরে এলাকার বহু পরিবার হঠাৎ করেই বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং চরম সমস্যার মুখে পড়েন বাসিন্দারা। এর প্রতিবাদে কোলিয়ারি চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। বিক্ষোভে বিপুল সংখ্যক মহিলা ও পুরুষ অংশ নেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় উখড়া ফাঁড়ির পুলিশ।
বিক্ষোভকারীদের পাশে এসে দাঁড়ান তৃণমূল নেতা গণেশ বাদ্যকর। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সংস্থা ইসিএল সাধারণ মানুষকে সমস্যায় ফেলতেই এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। তার দাবি, কোলিয়ারি ও খনি এলাকার আশেপাশের পাঁচ কিলোমিটার পর্যন্ত জল, বিদ্যুৎ-সহ বিভিন্ন মৌলিক পরিষেবা দেওয়ার দায়িত্ব ইসিএলের রয়েছে। তাহলে হঠাৎ করে কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলো, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এলাকার বাসিন্দা মিঠু চ্যাটার্জি জানান, তারা প্রায় ৩০–৩৫ বছর ধরে এই এলাকায় বসবাস করছেন। হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তারা চরম সমস্যায় পড়েছেন। তার অভিযোগ, ইসিএলের কিছু কর্মী তাদের কোয়ার্টার অন্যদের ভাড়া দিয়ে সেখানে এসি, কুলার-সহ নানা বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করছেন। অথচ তারা দিন আনা দিন খাওয়া মানুষ, কেবল একটি লাইট ও ফ্যান চালিয়ে বসবাস করলেও তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
যদিও এই ঘটনার বিষয়ে ইসিএল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

TAGS

সম্পর্কিত খবর